আমি অপহরণ হয়নি বা আমার সন্তানদেরকে কেউ অপহরণ করেনি। আমার সন্তানেরা আমার কাছেই আছে। গতকাল সোমবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন হাসনুর জান্নাত রিমা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী মো. মিজানুর রহমান হাওলাদার (৪৫)। এক যুগ আগে পারিবারিকভাবে তার সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের ঘরে মরিয়ম ঐশী (১২) ও মায়িশা মেহরুন ঐফা (৯) নামে দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আমার স্বামী বিভিন্নভাবে আমার ওপর অত্যাচার করে আসছে। আমার স্বামী আমাকে পাগল সাব্যস্ত করার জন্য গ্রীন রোড়স্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই মাস চিকিত্সার পর আমাকে বাসায় এনে আমার দুই মেয়ের সামনে জোর করে সাদা কাগজ ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করেন।
এক পর্যায়ে গত ১৫ মার্চ আমি আমার স্বামীকে তালাক দেই। এরপর তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার দুই কন্যাকে মেরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে আমি দুই কন্যা সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। এ অবস্থায় আমার স্বামী আমাদের বিরুদ্ধে কোর্টে মিথ্যা অপহরণ মামলা করেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হাসনুর জান্নাত রিমা।
এদিকে এ ব্যাপারে যোগাযোগ করা হলে মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, বিষয়টি মিথ্যা ও বানোয়াট। হাসনুর জান্নাত রিমা আমার স্ত্রী। সে ও দুই কন্যা সন্তান নিখোঁজ আছে। আমি ও আমার পরিবার এবং আমার স্ত্রীর পরিবার কেউ তাদের খুঁজে পাচ্ছে না। এ ব্যাপারে আমি আদালতে মামলা করেছি। মামলাটি পিবিআই তদন্ত করছে।
