সব উপনির্বাচনে প্রার্থী দেবে জাপা ------------- জি এম কাদের

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৪৬

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জাপা সব নির্বাচনে অংশ নেবে। আসন্ন সব উপনির্বাচনে অংশ নিতে জাপা প্রস্তুত। সব উপনির্বাচনে প্রার্থী দেওয়া হবে, প্রার্থিতা চূড়ান্ত করতে কাজ চলছে। মুজিববর্ষ উপলক্ষ্যে গতকাল সোমবার সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপণ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণের এ কর্মসূচি নিঃসন্দেহে অতুলনীয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। জাপার এমপি কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, ফখরুল ইমাম, রানা মোহাম্মদ সোহেল, নাজমা আক্তার, রওশন আরা মান্নান, তালুকদার নুরুল ইসলাম, আহসান আদেলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, আজ মঙ্গলবার থেকে পাবনা-৪ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা। ৩১ আগস্ট জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যেও আজ থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।