দাউদসহ অন্যান্য সন্ত্রাসীদের প্রত্যাবর্তনের জন্য ভারতকে তৎপর হওয়ার আহ্বান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১২:০৮

পাকিস্তানে আশ্রয় নেয়া মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমসহ অন্যান্য ভয়ঙ্কর সন্ত্রাসীদের প্রত্যাবর্তনের জন্য ভারতের তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন আজাদ কাশ্মীরের রাজনৈতিক ও মানবাধিকার কর্মী ড. আমজাদ আইয়ুব মির্জা । ভারতীয় বার্তা সংস্থা এএনআই'র একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পাকিস্তান সম্প্রতি ৮৮টি সন্ত্রাসবাদী সংস্থা ও ব্যক্তির ওপর আরো কড়াকড়ি আরোপ করেছে। এদের মধ্যে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ও জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ, জঈশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। 

 পাকিস্তান থেকে পালিয়ে আসা রাজনৈতিক ও মানবাধিকার কর্মী  ড. আমজাদ আইয়ুব মির্জা বলেন, এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে দাউদ ইব্রাহিম। যিনি ছিলেন ১৯৯৩ সালে মুম্বাইয়ের সিরিজ হামলার মাস্টারমাইন্ড। ওই ঘটনায় ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন ৭০০ জনেরও বেশি মানুষ। পাকিস্তানে সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে এবং আমরাও এ নিয়ে অবগত আছি।

 মানবাধিকার কর্মী  ড. আমজাদ আইয়ুব মির্জা আরো বলেন, দাউদ ইব্রাহিম যে পাকিস্তানের করাচিতে আছেন সেটি এর আগেও গণমাধ্যমে বলা হয়েছে।আর এখন পাকিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলো।/ ভারতের উচিৎ দাউদ ইব্রাহিমের প্রত্যাবর্তনের জন্য কার্যক্রম শুরু করা। তার সঙ্গে অন্যান্য সন্ত্রাসীদেরকেও ভারতে এনে আইনগতভাবে শাস্তির আওতায় আনা উচিৎ। মাসুদ আহজার, জাকি-উর-রহমা লাখভি এবং হাফিজ সাঈদকেও হস্তান্তর করা উচিৎ কারণ তারা ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। যদি পাকিস্তান প্রমাণ করতে চায় যে তারা সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করছে তাহলে তাদের উচিৎ হবে এই ভয়ঙ্কর সন্ত্রাসীদের ফেরৎ দিয়ে তা প্রমাণ করা। 

  প্যারিসভিত্তিক ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ২০১৮ সালের জুনে পাকিস্তানকে ধূসর তালিকায় রেখে সন্ত্রাসবাদে সহায়তাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল ইসলামাবাদকে। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে তারা সময় বেঁধে দিলেও করোনার কারণে তা বাড়ানো হয়।গত ১৮ আগস্ট এফএটিএফের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী দুটি নোটিশের মাধ্যমে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ও জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ, জঈশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার।

এ নিয়ে ড. আমজাদ আইয়ুব মির্জা বলেন, যদি পাকিস্তান এ সব সন্ত্রাসীদের ফেরৎ না দেয় তাহলে বুঝতে হবে যে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে খুশি করার জন্যই ওই তালিকা প্রকাশ করা হয়েছিলো। 

ইত্তেফাক/এআর