যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী জনসভা করতে আসেন এই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে ধরে রাখতে ১৯৯৯ সালে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় সেখানে বঙ্গবন্ধুর নামে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়। গ্রামের পাশ দিয়ে বহমান কপোতাক্ষ নদের বুকে বিলীন হওয়ার পথে স্মৃতিসৌধটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্মৃতিসৌধটি সংস্কারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। জাতির পিতার স্মৃতিবিজড়িত স্থাপনাটি স্থায়ীভাবে সংস্কার করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সিদ্দিক হোসেন
শিক্ষার্থী, আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
