প্রতারক হতে সাবধান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:০১

সাম্প্রতিক সময়ে একটি চক্রকে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে গিয়ে দোকানিকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিতে। তারা আট-দশ জন থাকে একসঙ্গে। গ্রুপের কিছু সদস্য দোকানের জিনিসপত্র দেখতে থাকে। বাকি সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে দোকানির সঙ্গে কথা বলতে থাকে। দোকানিকে বলে—তারা অন্য জেলা থেকে এসেছে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। এই দোকানে তারা স্বল্প মূল্যে শ্রমও দিতে রাজি আছে। দোকানি প্রতারক চক্রের কথায় একটু নরম হয়। তখনি তারা প্রতারণার জাল ফাঁদে। তারা বলে— আমাদের কিছু টাকা কর্জ দেন। আমরা এখানে থাকার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনব। দোকানি তাদের কথায় গলে গিয়ে টাকা দেয়। আর প্রতারকচক্র টাকা নিয়ে চম্পট। এরকম ঘটনা ঘটেছে আমার বাসার সামনের কনফেকশনারিতে। আইন-প্রয়োগকারী সংস্থা এই প্রতারকচক্রের বিরুদ্ধে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।

তাসনিম হাসান মজুমদার, শিক্ষার্থী,

ইংরেজি বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম