মেয়াদ উত্তীর্ণ ভেজাল নকল ওষুধ

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:০২

মেয়াদ উত্তীর্ণ, ভেজাল, নকল, ওজন ও পরিমাণে কম থাকা ওষুধ অবাধে বিক্রি হচ্ছে! গ্রামগঞ্জে নামি-দামি কোম্পানির ওষুধ নেই বললেই চলে। বিশেষ করে মলম ও ক্রিমের টিউব কিনে ব্যবহারের জন্য খুলে দেখা যায় টিউবের এক-তৃতীয়াংশ খালি। ওষুধের দোকান থেকে স্যাম্পল কিনে সংশ্লিষ্ট কোম্পানিতে গিয়ে খালি ও ভর্তি টিউব পৃথক করে ওজন দিলে জানা যাবে ওষুধ পরিমাণে ঠিক আছে কি না। যে সমস্ত দেশি আন্তর্জাতিক মানের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি যেগুলি  ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করে থাকে, সে সমস্ত কোম্পানির আন্তর্জাতিক মানের ওষুধ পাশ কাটিয়ে বহু চিকিত্সক দেশি সবচেয়ে নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী কোম্পানির দিকে ঝুঁকে পড়েছেন আর্থিক ফায়দা হাসিলের জন্য। যার ফলে একই দামের বিশ্ববিখ্যাত বহুজাতিক ওষুধ কোম্পানির ওষুধ ও দেশি আন্তর্জাতিক মানের কোম্পানির ওষুধের ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে দেশের বিশাল জনগোষ্ঠী। এটা প্রতিরোধের জন্য সারা দেশে অনুসন্ধান করে নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলিতে চিরুনি অভিযান চালিয়ে স্থায়ীভাবে সিলগালা করে বন্ধ করে দিতে হবে, একইসঙ্গে এ সমস্ত কোম্পানির মালিক পরিচালকদের কালো তালিকাভুক্ত করতে হবে। 

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণপাড়, সিলেট