টঙ্গী বাজারের চাঁদাবাজদের ধরতে পুলিশের অভিযান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:০৪

ইত্তেফাকে সংবাদ প্রকাশের জের

 টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

‘টঙ্গী বাজারে ইজারার নামে প্রভাবশালীদের চাঁদাবাজি’ শিরোনামে ইত্তেফাকে সংবাদ প্রকাশ হওয়ার পর চাঁদাবাজদের ধরতে টঙ্গী বাজারে অভিযান চালিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সংবাদ প্রকাশের পর বাজার থেকে পালিয়েছে চাঁদাবাজ চক্রের সদস্যরা। গত দুই দিনের পুলিশি অভিযানে কেউ গ্রেফতার হয়নি। বাজারের কয়েক জন দোকানি জানান, গত দুই দিন কেউ আমাদের দোকান থেকে চাঁদা আদায় করতে আসেনি। তবে অন্যান্য দিনের থেকে সাপ্তাহিক হাট রবিবার চাঁদাবাজদের উত্পাত বেশি থাকে। ঐ দিন হাট উপলক্ষ্যে বাজারে অতিরিক্ত দোকান বসে। তাই বিভিন্ন গ্রুপ হয়ে দোকানে দোকানে চাঁদা আদায় করে।

এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (ক্রাইম দক্ষিণ) সাহাদাত হোসেন জানান, টঙ্গী বাজারের ইজারা বা চাঁদা আদায়ের বিষয়টি আমাদের জানা ছিল না। ইত্তেফাকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর চাঁদাবাজদের ধরতে পুলিশি অভিযানে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত থাকবে। গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান মৃধা জানান, চলতি বছর টঙ্গী বাজার ইজারা দেওয়া হয়নি। পত্রিকায় সংবাদ দেখে আমরা গাজীপুর সিটি করপোরেশন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বাজারে সরকারি নিয়ম অনুযায়ী খাস আদায় করা হবে। এই খাস আদায়ের সময় প্রতি বাজারে সিটি করপোরেশনের লোক উপস্থিত থাকবে।