বাংলাদেশ পরিবেশবান্ধব উন্নয়নকে অগ্রাধিকার দেয় :বিদ্যুত্ প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:০৪

ইত্তেফাক রিপোর্ট

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ সব সময় পরিবেশবান্ধব উন্নয়নকে অগ্রাধিকার দেয়। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রণোদনা দেওয়া হচ্ছে। পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান অনুসারে ২০৪১ সালের মধ্যে উত্পাদিত বিদ্যুতের ১৭ ভাগ নবায়নযোগ্য জ্বালানি হতে আসবে। নেট মিটারিং গাইডলাইন সোলার রুফটপ ব্যবহার করতে গ্রাহকদের উত্সাহিত করবে। বাংলাদেশে সোলার হোম সিস্টেম ৫৮ লাখ। অফ-গ্রিড এলাকা আলোকিত করতে সোলার হোম সিস্টেম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গতকাল অনলাইনে যুক্তরাজ্যের প্যাসিফিক ও পরিবেশ মন্ত্রী লর্ড জ্যাক গোল্ডস্মিথের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এসব কথা বলেন তিনি। এসময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নসরুল হামিদ বলেন, প্রযুক্তিগত সহযোগিতাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাব। যুক্তরাজ্যের সরকারি ও বেসরকারি কোম্পানিসমূহকে পরিচ্ছন্ন জ্বালানির বিস্তারে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানাই। নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি ব্যবহারের প্রযুক্তি ও কৌশল, জ্বালানি প্রযুক্তি, পদ্ধতি, সেবা ও নীতি নিয়ে গবেষণা এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ নিয়ে কাজ করার বড় ক্ষেত্র ও সুযোগ রয়েছে।

লর্ড জ্যাক গোল্ডস্মিথ বলেন, পরিচ্ছন্ন জ্বালানির বিস্তারে একসঙ্গে কাজ করা যেতে পারে। স্থলভাগে বায়ুবিদ্যুত্সহ নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা খুঁজে বের করতে কর্মকর্তারা আলোচনা অব্যাহত রাখবেন। এ খাতে অর্থায়নেও আমরা আগ্রহী। ভবিষ্যত্ জ্বালানিব্যবস্থা নিয়ে বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাওয়া উচিত। অনলাইনে এই দ্বিপাক্ষিক আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিক্সন ও ডিএফআইডি বাংলাদেশের প্রধান যুডিথ হারবার্টসন সংযুক্ত ছিলেন।