ইত্তেফাক রিপোর্ট
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারের মুনাফায় ধস নেমেছে। এক ধাক্কায় কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় ৬২ শতাংশ কমে গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা। সে হিসেবে আগের বছরের তুলনায় প্রতি শেয়ারে মুনাফা কমেছে ২৩ পয়সা। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২০ পয়সা। মুনাফায় ধস নামার পাশাপাশি কোম্পানিটির প্রতি শেয়ারের সম্পদমূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৮ পয়সা।
