ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন, বেড়েছে সূচক-লেনদেন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:০৭

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এর পরও বেড়েছে মূল্যসূচক। সঙ্গে লেনদেনও বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে, ঠিক তার সমানসংখ্যক প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এতে বেড়েছে মূল্যসূচক। তবে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৭২টি এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।