ভাগ্যগুণে জিতেছে বায়ার্ন!

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:০৯

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর লিভারপুলের কোচ ইউর্গেন ক্লপের শুভেচ্ছা পেয়েছে বায়ার্ন মিউনিখ। তবে, কেবল শুভেচ্ছা দিয়েই ক্ষান্ত হননি ক্লপ, সঙ্গে জুড়ে দিয়েছেন একটুখানি খোঁচা। দাবি করেছেন, ভাগ্যগুণে শিরোপা জিতেছে জার্মান ক্লাবটি।

বায়ার্ন মিউনিখ টানা ২১ ম্যাচ জিতে মৌসুম শেষ হয়েছে। আর শেষটা হয়েছে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারানোর মধ্য দিয়ে। ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো দল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতল। এই নিয়ে ষষ্ঠ বারের মতো শিরোপা জিতল জার্মান জায়ান্টরা।

যদিও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপ দাবি করলেন, এই কৃতীত্বে ভাগ্যের সহায় পেয়েছে বায়ার্ন। তিনি এক সাক্ষাত্কারে বলেন, ‘এটা ঠিক যে, আট মাসে এর চেয়ে বড় ইতিহাস রচনা করা যায় না। তবে, এটাও মনে রাখতে হবে যে, জার্মানির এই ক্লাবটি একটু ভাগ্যের সহায়তা পেয়েছে। কারণ, অনেক হট্টগোলের পর তারা যে সূচিটা পেয়েছে সেটা বাকিদের চেয়ে অনেক সহজ ছিল। এটা তাদের এগিয়ে রেখেছিল।’

যদিও, বায়ার্নের প্রশংসার কোনো কমতি রাখেননি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী এই কোচ। তিনি বলেন, ‘এই মুহূর্তে অবশ্য বায়ার্নই অবিসংবাদিত সেরা। অবশ্যই ওরা সেরা দল। যেকোনো অংশেই ওরা বাকিদের চেয়ে এগিয়ে। প্রতিটি পজিশনেই ওদের সময়ের সেরা খেলোয়াড়গুলো আছে, আর সবারই বয়সটা এমন যে তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারছি।’

চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরের শিরোপাজয়ী দল লিভারপুল। ক্লপ জানিয়েছেন, আসছে মৌসুমে আবারও সেই শিরোপা পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করবে তার দল।