জন্মদিনের পার্টিতে করোনার ফাঁদে বোল্ট!

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:০৯

স্পোর্টস ডেস্ক

অলিম্পিকে আট বারের স্বর্ণজয়ী উসাইন বোল্টও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এড়াতে পারলেন না। তবে, তাতে অবশ্য তার নিজেরও হাত আছে। কদিন আগেই যে সামাজিক দূরত্বের কোনো নিয়মবিধি না মেনেই উদ্যাপন করেছেন নিজের ৩৪তম জন্মদিন।

জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় বোল্টের করোনা ভাইরাস পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করে সোমবার মধ্যরাতে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ক্রিস্টোফর টাফটন নিজেই এই ঘোষণা দেন। যদিও, এর আগেই বোল্ট সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আইসোলেশনে থাকার খবরটি জানান।

তিনি বলেন, ‘শুধু নিরাপদে থাকার জন্য নিজেকে আইসোলেশনে রেখেছি। পুরো বিষয়টিকে হালকাভাবেই নিয়েছি। আমার মধ্যে কোনো উপসর্গ নেই। নিজেকে কোয়ারেন্টাইনে রাখতে যাচ্ছি। যেহেতু ফলাফলের অপেক্ষায় আছি, সেক্ষেত্রে কী প্রোটোকল আছে তা জানার চেষ্টা করছি।’ এর পরই তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়।

গেল শুক্রবার ছিল বোল্টের জন্মদিন। ঘটা করে জন্মদিনের পার্টি করেন তিনি। মেয়ে অলিম্পিয়ার জন্মের পর এটাই বোল্টের প্রথম জন্মদিন ছিল। তাই, ইনস্টাগ্রামে জন্মদিনের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘জীবনের সেরা জন্মদিন।’ যদিও, এর দিন তিনেক পরই মিলল দুঃসংবাদ।

বোল্টের আমন্ত্রণে পার্টিতে হাজির হয়েছিলেন ম্যানচেস্টার সিটি ও ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিংও। ফলে, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আর আসছে ৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স কাপের ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ফলে, এই মুহূর্তে ইংলিশ শিবির স্টার্লিংকে নিয়ে আছে দুশ্চিন্তায়।