শ্রীলঙ্কা সফরে খণ্ডকালীন ব্যাটিং কোচ ম্যাকমিলান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:১০

  স্পোর্টস রিপোর্টার

নেইল ম্যাকেঞ্জি চলে যাওয়ার পর এই গুঞ্জনটাই বাতাসে ভাসছিল। সেটাই সত্যি হলো। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খণ্ডকালীন ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক নিউজিল্যান্ড তারকা ক্রেইগ ম্যাকমিলান।

নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে প্রায় এক দশকের ক্যারিয়ারে ৮ হাজারের ওপর রান করেছেন ম্যাকমিলান। খেলা ছাড়ার পর, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ক্যান্টারবুরি, মিডলসেক্স এবং আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে সেখানেই কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ম্যাকমিলান।