ক্যাম্পে যোগ দিচ্ছেন সেই যুবা ক্রিকেটার

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:১১

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের করোনা পরীক্ষার দ্বিতীয় পর্বে গত ১৮ আগস্ট বরিশাল থেকে উঠে আসা যুবা ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতি করোনা পজিটিভ হন। ৪৮ ঘণ্টা যেতেই অবশ্য বদলে যায় দৃশ্যপট। দ্বিতীয়বার ইফতির পরীক্ষা করলে ফলাফল আসে নেগেটিভ। গত সোমবার তৃতীয়বার ইফতির করোনা পরীক্ষা করায় বিসিবি। গতকাল পাওয়া ফলাফলেও ইতিবাচক খবর এসেছে। টানা দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হলেন ইফতি।

গতকাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী। তিনি বলেছেন, ‘ইফতির তৃতীয় পরীক্ষাতেও নেগেটিভ এসেছে, ও আগামীকাল (আজ) বিকেএসপি চলে যাবে।’

যদিও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ আরো কয়েক দিন রয়ে-সয়ে দেখতে চায়। সতর্কতা হিসেবে দুই-এক দিন পর ইফতিকে ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা তাদের। গতকাল গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার এ ই এম কাওসার বলেছেন, ‘ওর রিপোর্ট নেগেটিভ এসেছে। দু-এক দিন সতর্কতার পরে বিকেএসপিতে ক্যাম্পে দিবে।’ উল্লেখ্য, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ সালের জন্য গত ২৩ আগস্ট বিকেএসপিতে  বাংলাদেশ যুবদলের ক্যাম্প শুরু হয়েছে। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা যোগ দিয়েছেন চার সপ্তাহের ক্যাম্পে।