১০ নম্বরে ঝোড়ো সেঞ্চুরি

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:১১

৬০ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে দল। সেই পরিস্থিতিতেই উইকেটে গিয়ে ধুমধাড়াক্কা পিটিয়ে ইতিহাস গড়ে ফেললেন মার্শান্ট ডি ল্যাঙ্গে। তার মূল কাজ বোলিং। কিন্তু গ্ল্যামরগনের এই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার রেকর্ড গড়লেন ব্যাটিংয়ে। কাউন্টি ক্লাবটির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি উপহার দিলেন ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে। চলতি বব উইলিস ট্রফিতে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে সোমবার এই কীর্তি গড়েছেন ডি ল্যাঙ্গে। দলের দ্বিতীয় ইনিংসে করেছেন ৬২ বলে সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৭৩ রানে পিছিয়ে থাকা গ্ল্যামরগন দ্বিতীয় ইনিংসে ৬০ রানে হারিয়েছিল ৮ উইকেট। শেষ পর্যন্ত ২৬১ পর্যন্ত যেতে পারে গ্ল্যামরগন। শেষ ব্যাটসম্যান হিসেবে ডি ল্যাঙ্গে আউট হন ৭৮ বলে ১১৩ রান করে। ৬ চারের পাশে ইনিংসে ছিল ৯টি ছয়।