সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা থেকে আশাশুনি ও কোলা ঘোলা সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। চলমান সংস্কার কাজ বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ভোগ চরমে পৌঁছেছে। বুধহাটা বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, যানবাহন চলাচলের সময় সড়কের গর্তে জমে থাকা পানি ছিটকে এসে আমাদের দোকান ও ক্রেতাদের পোশাক নোংরা করে দিচ্ছে। একাধিক মিনিবাসচালক জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো যানবাহন বিকল হয়ে পড়ে। এ ব্যাপারে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন বলেন, সড়কটি চলাচলের উপযোগী করে রাখতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
