‘সিসিকের খননযন্ত্রে টিলাকাটা’
সিলেট অফিস
সিলেট সিটি করপোরেশনের খনন যন্ত্র ব্যবহার করে নগরীর গোয়াবাড়ী এলাকায় একটি টিলা কাটার ঘটনা নিয়ে গত দুই দিন থেকে নগর জুড়ে তোলপাড় চলছে। তবে পরিবেশ অধিদপ্তর এর তদন্তে মাঠে নেমেছে। সিসিকও এই টিলা কাটায় কারা জড়িত তা তদন্ত করেছে। এদিকে পরিবেশ অধিদপ্তর থেকে সিসিকের ঐ যন্ত্র চালক তিন জনকে সোমবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের একটি টিম সোমবার ঘটনাস্থল পরিদর্শনকালে সেখানে সিটি করপোরেশনের যানবাহন দেখতে পায়। সেখানে যাদের পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। এ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মেয়র বলেন, ঐ এলাকায় টিলা কাটায় কেন ও কীভাবে সিসিকের গাড়ি ও সরঞ্জাম ব্যবহূত হলো তা তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
