জাতির পিতার সমাধিতে ইত্তেফাক সম্পাদকের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২২:৩৯

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পিতামাতার কবর জিয়ারত করেন। পাশাপাশি বঙ্গবন্ধুসহ পরিবারের সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন ভাণ্ডারিয়া থেকে জাতির পিতার জন্মভূমি টুঙ্গিপাড়ায় আসেন এবং বঙ্গবন্ধু ভবনে বেশ কিছুক্ষণ সফরসঙ্গীদের নিয়ে অবস্থান করেন। বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে তার সঙ্গে ছিলেন সাবেক ব্রিটিশ এয়ারওয়েজ কর্মকতা দিলারা আহম্মেদ, আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলার নেতা ও সাবেক দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বি এম গোলাম কাদের, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা পার্টির সভানেত্রী আসমা আক্তার, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, দৈনিক ইত্তেফাকের সম্পাদকের ব্যক্তিগত কর্মকর্তা আতিক জামান খোকন, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্যসচিব জহির উদ্দিন অন্তু, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এস এম বিপুল ইসলাম প্রমুখ।

ভাণ্ডারিয়ায় জেপির মতবিনিময় সভায় তাসমিমা হোসেন

পিরোজপুর অফিস ও ভাণ্ডারিয়া সংবাদদাতা জানান, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, ইত্তেফাক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, স্থানীয় সমস্যা এলাকার নেতাদেরই সমাধান করা উচিত। কারণ স্থানীয় ছোটখাটো সমস্যাও যদি কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় রাজনীতিকদের সমাধান করতে হয়, তাহলে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে পার্থক্য থাকে না। এলাকার গ্রামীণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সত্ ও দায়িত্ববান হতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার সকালে তার ভাণ্ডারিয়ার বাসভবন ‘তাসমিমা ভিলায়’ উপজেলা জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের সিনিয়র নেতাদের সঙ্গে দলীয় কার্যক্রমের দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, দুনিয়া অনেক বদলে গেছে। সময়ের সঠিক মূল্য দিতে হবে। গ্রামীণ পর্যায়ে অবকাঠামোগত ছাড়াও বিভিন্ন উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত মাত্রায় মানুষের মস্তিষ্কের উন্নতি ঘটেনি। এলাকার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে। সে জন্য সমস্যার সমাধানে প্রথমে নিজেদের চেষ্টা থাকা আবশ্যক। এ ক্ষেত্রে বাধা এলে প্রয়োজনে সংঘবদ্ধভাবে দলের নেতাদের স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। প্রশাসন কোনো কারণে অনীহা প্রকাশ করলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা যেতে পারে। তাতেও কাজ না হলে তখন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করবেন। সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে পরিকল্পনা মাফিক কাজের জন্য একটি রোডম্যাপ তৈরি করে তাসমিমা হোসেন তা যথাযথ বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।

সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির ভাণ্ডারিয়া উপজেলা কমিটির সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. হায়দার আলী হাওলাদার, পৌর জেপির সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, যুব সংহতির উপজেলা আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, উপজেলা যুব সংহতির সদস্যসচিব মামুনুর রশীদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক সালাউদ্দিন রাহাত জোমাদ্দার, ইউনিয়ন যুব সংহতির নেতা মো. লিটন তালুকদার প্রমুখ। এ সময় সভায় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস মহিলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা পার্টির সভানেত্রী আসমা আক্তার, পৌর কাউন্সিলর মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সদস্যসচিব জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্র সমাজের সদস্যসচিব মাহাবুব শরীফ শুভ প্রমুখ।