রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস নিধন অভিযান ও বাংলাদেশে রোহিঙ্গা ঢলের তিন বছর পূর্তিতে এ কথা জানানো হয়েছে। ঢাকায় সোমবার এক ওয়েবিনারে যুক্ত হয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুযোগ করে দিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক সম্প্র্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, নিউ ইয়র্ক, জেনেভা, হেগ এবং এ অঞ্চলেও চাপ প্রয়োগের পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত। অন্যদিকে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধে মিয়ানমারের জবাবদিহিতার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত তিন বছরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের অসাধারণ উদারতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধে মিয়ানমারের জবাবদিহিতার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব। একই সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য জোর দেওয়া হবে।
