যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ফের কৃষ্ণাঙ্গ আহত হওয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের আগুনে জ্বলছে উইন্সকিনসন রাজ্য। কারফিউ জারি সত্ত্বেও সারা রাত সেখানে বিক্ষোভ হয়। বিভিন্ন দোকানপাট ও গাড়িতে আগুন দেওয়া হয়। বিক্ষোভ দমনে সরকার ন্যাশনাল গার্ড মোতায়েন করছে। খবর সিএনএনের
জ্যাকব ব্লেককে সন্তানদের সামনেই গুলি করা হয়। এতে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। তারা সোমবার কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামে। পুলিশের দমননীতির তোয়াক্কা না করেই বিভিন্ন স্থাপনায় এবং গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়। আতশবাজিও ফোটানো হয়। বিক্ষোভকারীরা কয়েকটি ট্রাকেও আগুন দেয়। বিক্ষোভ দমন করতে পুলিশ পালটা ফ্ল্যাশ ব্যাঙ, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা পুলিশে সংস্কার দাবি করেছে। তারা বলছে, সংস্কার না করলে বিক্ষোভ থামবে না। রবিবার সন্ধ্যায় জ্যাকব ব্লেককে গুলি করে পুলিশ। তিনি গাড়িতে ওঠার সময় গুলি করা হয় বলে তার আইনজীবী বেন ক্র্যাম্প জানিয়েছেন। ব্লেকের তিন সন্তান গাড়িতেই ছিল। তারাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ব্লেকের বাবা জানিয়েছেন, তার অস্ত্রোপচার হয়ে গেছে। অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর আবার প্রমাণিত হলো, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ নামের যে আন্দোলন হয়েছিল তা থেকে শিক্ষা নেয়নি পুলিশ। জর্জ ফ্লয়েডের মতো জ্যাকবও ছিলেন নিরস্ত্র। এই গুলির ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রবিবার সন্ধ্যায়ই মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। উইন্সকিনসনের গভর্নর টনি ইভারস ন্যাশনাল গার্ড মোতায়েন করার আবেদন জানিয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই পুলিশ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
