শরণখোলায় ছাগলের গায়ে কাঁদা মাখার ঘটনায় প্রতিপক্ষের হামলায় জাকির হোসেন জোমাদ্দার (৪৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকিরের স্ত্রী শিউলী বেগম সাংবাদিকদের জানান, জাকিরের ছোট ভাই হুমায়ূনের একটি ছাগলের গায়ে প্রতিবেশী মন্টু জোমাদ্দার কাঁদা মেখে দিলে এ নিয়ে হুমায়ূন ও মন্টুর ঝগড়া হয়। জাকির জোমাদ্দার ভাই হুমায়ূনের পক্ষ নিয়ে মন্টুকে জিজ্ঞাসাবাদ করলে মন্টু ও তার শ্যালক সোহেল ও মিলন জাকির জোমাদ্দারকে বেধড়ক মারপিট ও ইট দিয়ে আঘাত করে এতে জাকির রাস্তার ওপর ঢলে পড়ে। নিকটআত্মীয়রা দ্রুত রাত ৮ টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম জানান, জাকিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোট তৈরি করেছেন মামলার প্রস্ততি চলছে। আগামীকাল সকালে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এসি
