চীন এবং ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও দুর্বলতাই দায়ী। এই রোহিঙ্গা সমস্যার বিষয়ে মিয়ানমারকে সমর্থন দিচ্ছে চীন ও ভারত। এই দুটি দেশের সঙ্গে কোনো রকমের রফা করার সামর্থ্য এই সরকারের নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল জয়নুল আবেদীনসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, এখানে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই। দুর্ভাগ্যজনকভাবে আজকে সরকার এখনো মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালাচ্ছে। এখানে যারা উপস্থিত আছেন সবাই খ্যাতনামা মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তাদেরও কারাগারে যেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। শুধু একটি কারণে, কারণ তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান।
