অবৈধ সম্পদের মামলায় সম্রাটকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০০:৪৭

ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্র্রাটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।

দুদক সূত্র জানায়, অসত্ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে নিজ নামে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইসমাইল চৌধুরী সম্র্রাটের বিরুদ্ধে কমিশন ২০১৯ সালের নভেম্বর মাসে একটি মামলা দায়ের করে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম গত ১৮ আগস্ট আদালতে মামলার তদন্ত  চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের জন্য আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুই ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন।

দুদক সূত্র জানায়, সম্রাটের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন। অনেক সময় ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন। তিনি অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমন্ডির উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন ও বাড়ি নির্মাণ করেছেন। এ ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে ১ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে তার।

অবৈধ ক্যাসিনো পরিচালনায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাব সদস্যরা গ্রেফতার করেন। এরপর থেকে সম্রাট কারাবন্দি রয়েছেন।