বৈরী আবহাওয়া
বরিশাল অফিস
বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। বৈরী আবহাওয়া এবং নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবত্ থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা এবং দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাত্রীকালীন বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় ১২টি রুটে চলাচল করে ৩৫টি ছোট লঞ্চ। আকস্মিক লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় দুর্ভোগে পড়েছেন এসব রুটের যাত্রীরা। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মাহফুজুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পস্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও উত্তরাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
