করোনা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার তাগিদ
বিবিসি
উত্তর কোরীয় নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে যখন নানা গুঞ্জন চলছিল তখনই দলের পলিটব্যুরো বৈঠকে হাজির হয়ে নতুন এক নির্দেশনা দিলেন তিনি। মঙ্গলবারের এ বৈঠকে কিম করোনা ভাইরাসের মহামারির পাশাপাশি আসন্ন ঘূর্ণিঝড়জনিত ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে এ কথা বলা হয়েছে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, কিম জং উন নিজের ওপর চাপ কমাতে রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তার বোন ও অন্যদের কাছে অর্পণ করেছেন। এর কিছুদিনের মধ্যেই কিম জং উনের গুরুতর শারীরিক অসুস্থতার গুঞ্জন শোনা যায়। এমনও বলা হয় যে, কিম কোমায় চলে গেছেন। তিনি জীবন্মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। আর এ কারণেই হয়তো বা কিমের বোন ও অন্যদের কাছে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী কিছু ক্ষমতা অর্পণ করা হয়; কিন্তু কিমের শারীরিক অবস্থার সমস্ত খবর ভুল প্রমাণ করে ঐদিন হঠাত্ করে তিনি পলিটব্যুরোর বর্ধিত সভায় উপস্থিত হন। সে সময়েই তিনি করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
