ইত্তেফাক রিপোর্ট
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি সপরিবারে বঙ্গবন্ধু হত্যা ও ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ আগস্ট ২০০৪ পর্যন্ত রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যাকাণ্ড চালিয়ে প্রতিবারেই সাময়িকভাবে সফল হলেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মন্ত্রী গতকাল বুধবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) ও গাজীপুর সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল। একই অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া চলমান আছে। যথাসময়ে সকল হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আওয়ামী লীগের বিরুদ্ধে সব ষড়যন্ত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিজেআরএফ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দস আফ্রাদ, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর রশীদ হাওলাদার, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, সিনিয়র সাংবাদিক আশরাফ খান, আমানুর রহমান, জিইউজের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূরুল আমীন সিকদার, এম এ সালাম শান্ত প্রমুখ।
