বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে খালেদা জিয়াও অপরাধী :তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:০৫

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং হত্যাকাণ্ডকে উপহাস করাসহ ১৫ আগস্টে ভুয়া জন্মদিন উদ্যাপনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ১৫ আগস্ট হত্যাকাণ্ডে সমান অপরাধী। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-প্রগতিশীল ন্যাপ (ভাসানী)।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা জিয়াউর রহমান। তার স্ত্রী খালেদা জিয়ার ওপর যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি মনে করি জিয়াউর রহমান যেমন অপরাধী, খালেদা জিয়াও হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় অপরাধী। প্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর নাতি পরশ ভাসানীর সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, প্রগতিশীল ন্যাপের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল আহমেদসহ বিশিষ্ট জন।