ঋণখেলাপি

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:২৮

এই সময়ের ছড়া 

রেবেকা ইসলাম
 

ঋণখেলাপির গল্প বলি নাম জেনে তার কাজ নাই

আমরা যতই হল্লা করি হূদয়ে তার লাজ নাই

কীর্তিকলাপ করত কত ব্যাংক থেকে সে কর্জ নিতে

কুলুপ আঁটা ওষ্ঠ সবার, কী ছিল তার তর্জনীতে?
 

কাগজপাতি, দলিল, সহি সবই ছিল দু’নাম্বারি

মিঠে কথায় তেল মাখাতে ছিল তাহার সুনাম ভারি

বড় প্যাকেট চালান দিয়ে সকল কাজের সখা রে

কোটি টাকা করত পাচার বিদেশ বিভূঁই-র লকারে।
 

কেউ ছিল না তাহার সম, পাকামো আর বুদ্ধিতে

ছলচাতুরি দেখা যেত মাসের শেষে সুদ দিতে

যখন সবই প্রকাশ পেল পালাল সে বর্ম ছাড়ি

দোষী উধাও, পড়ল ধরা ছোটখাটো কর্মচারী।
 

জনগণের অর্থ মেরে, ঝেড়ে সকল নিন্দে সে

আছে মশাই খুব মজাতে সাগরপাড়ে ভিন দেশে।