কাওসার মুজিব অপূর্ব
বছর দুয়েক আগে লিওনেল মেসি বলেছিলেন ‘ইউরোপে বার্সেলোনাই আমার একমাত্র ক্লাব’। তারপর আর্জেন্টাইনটির স্পানিশ ক্লাব ছাড়া নিয়ে আর কোনো আলোচনা ছিল না। তবে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার চটজলদি বিদায়ে লিওনেল মেসির দলছাড়ার গুঞ্জন দেখা দেয়। অবশেষে গত মঙ্গলবার রাতে মেসি যখন ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেন, সঙ্গত কারণেই জিজ্ঞাস্য—কোথায় যাবেন এই সুপারস্টার? আপাতত সম্ভাব্য গন্তব্যের মধ্যে আছে ম্যানচেস্টার সিটি, পিএসজি ও ইন্টার মিলান।
মেসির সম্ভাব্য গন্তব্যের তালিকায় সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটির নাম। গুঞ্জন আছে, সাপ্তাহিক ১০ লাখ ইউরো পারিশ্রমিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে প্রস্তাব আছে তার। মেসিও নাকি তাতে আগ্রহী। কারণ, সিটিতে আছেন তার সাবেক কোচ পেপ গার্দিওলা ও জাতীয় দলের সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো। মেসিকে পাওয়ার মতো আর্থিক সঙ্গতিও আছে ক্লাবটির। গার্দিওলা নিজেও সম্প্রতি মেসির সঙ্গে আলাপ করেছেন বলে জানা গেছে।
সিটির সঙ্গে মেসিকে পেতে চায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। এমন দাবি করেছে খেলাধুলা বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ট’। তবে, এখানে কিছু ‘যদি-কিন্তু’ আছে। একে তো ম্যানচেস্টারকে বড় একটা আর্থিক চাপ সামলাতে হবে। অন্যদিকে, ইউরোপ এমনকি ইংল্যান্ডেও ইউনাইটেডের আগের সুদিন নেই, ফলে মেসির আগ্রহী হওয়ার সম্ভাবনা কমই বলা যায়। জানা গেছে, ইউনাইটেডের পক্ষ থেকে ১২ কোটি ইউরোর প্রস্তাব এসেছে বার্সেলোনার টেবিলে।
ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি ক্লাব চেলসিও আগ্রহী মেসির ব্যাপারে। ক্লাবের তরুণ কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড নিজেই কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এমনিতে চেলসি নতুন মৌসুম শুরুর আগে কয়েকটি বড় ট্রান্সফার এর পথে আছে। ফলে, মেসিকেও নেওয়ার মতো অর্থ তাদের থাকবে কি না, সেটা বোঝার জন্য সময়ের অপেক্ষায় থাকার বিকল্প নেই।
ছয়বারের ব্যালন ডি’অর মেসির ভবিষ্যত্ গন্তব্য হিসেবে ইংল্যান্ডের বাইরে বড় নাম প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। কারণ, দলবদলের বাজারে বিরাট অঙ্ক খরচ করার নজীর আছে কাতারের ধনকুবেরদের ক্লাবটির। মেসির জন্য চুক্তিতে থাকা ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লজটাও অনায়াসে দিতে পারবে এই ক্লাব।
পিএসজি মেসির আকর্ষণের কারণ হতে পারে তার জাতীয় দলের সতীর্থ ডি মারিয়া ও মাউরো ইকার্দি, সাবেক বার্সা ফরোয়ার্ড নেইমারও আছেন বলে। এর সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে মিলিয়ে ইউরোপে বিরাট এক ‘পাওয়ার হাউজ’ বনে যেতে পারে প্যারিসের ক্লাবটি।
সিরি ‘এ’র ক্লাব ইন্টার মিলানের নামও শোনা যাচ্ছে। সেই ২০০৮ সাল থেকেই ইন্টারের পছন্দের তালিকায় আছেন মেসি। কিন্তু এর আগে কখনোই বার্সেলোনা ছাড়ার ব্যাপারে ‘সিরিয়াস’ ছিলেন না মেসি। এবারের পরিস্থিতি ভিন্ন। হালে চীনা মালিকানাধীন ইন্টার মেসিকে চার বছরের চুক্তিতে নিতে চায় বলে জানা গেছে। এমনটা সত্যি হলে ইতালির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন মেসি। সেক্ষেত্রে, মেসি ছাড়িয়ে যাবেন রোনালদোকে। তাতে ইতালিতে দেখা যেতে পারে মেসি-রোনালদোর দ্বৈরথ।
মেসির জন্য ‘রোমান্টিক’ এক গন্তব্য হতে পারে নিওয়েল ওল্ড বয়েজ। আট বছর বয়সে এই ক্লাব থেকেই বার্সেলোনার একাডেমি ‘লা মেসিয়া’-তে এসেছিলেন তিনি। আরো কিছু বিকল্প রাস্তাও তার হাতে খোলা আছে। সেটা হতে পারে এশিয়াও। কে জানে হয়তো জাভি-ইনিয়েস্তাদের পথেও হাঁটতে পারেন তিনি। আসতে পারেন জাপান, চীন এমনকি কাতারেও!
