এইচপির হেড কোচ রেডফোর্ড

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের সঙ্গেই শ্রীলঙ্কা সফরে যাবে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড। জাতীয় দলের সঙ্গে ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ খেলার পর লঙ্কানদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজও খেলবে এইচপি। লঙ্কা সফরের আগেই এইচপির নতুন হেড কোচ নিয়োগ দিল বিসিবি। এইচপির হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং ও সহকারী কোচ টবি রেডফোর্ড।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ইংলিশ এই কোচের সঙ্গে বিসিবির এক বছরের চুক্তির মেয়াদ শুরু হচ্ছে চলতি মাস থেকেই। শ্রীলঙ্কায় এইচপি দলের সঙ্গে যোগ দিবেন রেডফোর্ড।

লেভেল ফোর কোচেস কোর্স করা ৪৮ বছর বয়সি এই কোচ কাউন্টি ক্লাব সাসেক্স, গ্ল্যামারগন, মিডলসেক্সে কাজ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স প্রোগ্রামেরও ডিরেক্টর ছিলেন তিনি। ইসিবির পরামর্শক হিসেবেও কাজ করেছেন। তবে পেশাদারী ক্রিকেটের অভিজ্ঞতা তার ঝুলিতে খুব কমই আছে। ১৪টি প্রথম শ্রেণি ও ছয়টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন তিনি।

বিসিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন রেডফোর্ড। তিনি বলেছেন, ‘বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রামের হেড কোচ হতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। তাদের সঙ্গে কাজ করা, তাদের উন্নতিতে সাহায্য করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ার চেষ্টায় যুক্ত থাকা অনেক বড় সম্মান। ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের তৈরি করার এই অসাধারণ সুযোগ দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ।’

২০১৫ সালে পুনরায় এইচপি কার্যক্রম শুরুর হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ান সিমন হেলমুট ছিলেন হেড কোচ। গত বছর তিনি পদত্যাগ করেছেন।