অশ্বিনের চাওয়া ফ্রি বল!

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

বোলার নো বল করলে ব্যাটসম্যান ফ্রি হিট পান। তাহলে বোলারদের জন্যও এমন নিয়ম থাকা উচিত বলে দাবি করেছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলছেন, কোনো ব্যাটসম্যান ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে পরের ডেলিভারিটা হবে ফ্রি বল।

অশ্বিন বরাবরই ব্যাটসম্যান বেরিয়ে গেলে তাকে ম্যানকাডিং করে আউট করার পক্ষে। আইপিএলে তিনি এমন করেছেনও। তিনি মনে করেন, ডেলিভারির আগে বেরিয়ে গেলে ব্যাটসম্যানরা অনৈতিক সুবিধা পায়। আর সেজন্যই প্রস্তাব করেছেন, ‘বোলারদের জন্য ফ্রি বলের নিয়ম করা হোক। ঐ বলে যদি ব্যাটসম্যান আউট হয়, তাহলে ব্যাটিং দলের পাঁচ রান কাটা হবে। ফ্রি হিট ব্যাটসম্যানদের সহায়তা করে, বোলারদেরও সুযোগ দেওয়া হোক। এখনো পর্যন্ত মানুষ খেলা দেখে এই আশায় যে, ‘আজ বোলাররা বিধ্বস্ত হবে।’

অশ্বিন এবার আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালস দলে। এই দলের কোচ ও সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং কয়েক দিন আগে বলেছেন, তিনি ‘মানকাড’ আউট চান না এবং এটা নিয়ে অশ্বিনের সঙ্গে জোর আলোচনা করবেন। তবে অশ্বিন এই টুইটে আরো একবার বুঝিয়ে দিলেন তার মনোভাব।