বিশেষ প্রতিনিধি
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক মামলাটির বিচার শুরু হলো। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মত্ কামরুন্নাহারের ভার্চ্যুয়াল আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। গত ১৬ আগস্ট মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে এদিন ধার্য করেছিলে আদালত।
এর আগে গত ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু সিদ্দিক। ঐ দিনই আদালত মামলাটি পরবর্তী বিচারের জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। কিন্তু করোনার কারণে আদালত সাধারণ ছুটিতে থাকায় কোনো কার্যক্রম হয়নি।
গত ৮ জানুয়ারি কুর্মিটোলা থানার শেওড়া বাসস্ট্যান্ড থেকে ধর্ষণের ঘটনায় মজনুকে গ্রেফতার করে র্যাব। ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এর পর থেকে মজনু কারাগারে।
