ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ ও অনুমোদিত প্রতিনিধি রুম্মানকে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

গ্রাহকের অনুমতি ছাড়াই শেয়ার বিক্রি করায় ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ ও তার অনুমোদিত প্রতিনিধি কামরুজ্জামান রুম্মানকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া গ্রাহকের অর্থ আত্মসাত্ করায় কামরুজ্জামান রুম্মানের অনুমোদিত প্রতিনিধি সনদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আত্মসাত্কৃত অর্থ আদায়ে গ্রাহকের দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সনদ স্থগিত থাকবে। এই সময় পর্যন্ত শেয়ারবাজার-সংশি­ষ্ট সব ধরনের প্রতিষ্ঠানে কাজ করা থেকে বিরত থাকতে হবে। কমিশনের ৭৩৭তম নিয়মিত সভায় এই জরিমানাসহ অন্যান্য সিদ্ধান্ত হয়।

এছাড়া সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে লেক্সকো লিমিটেডের এমডি, সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ছাড়া) জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একইভাবে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে গেটওয়ে ইক্যুইটি রিসোর্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।