সাত শতাধিক এসএমই উদ্যোক্তা পেয়েছে প্রণোদনার ১৩১ কোটি টাকা

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৪৮

বিসিকের তদারকি

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী ঘোষিত ক্ষুদ্র, মাঝারি, মাইক্রো ও কুটির শিল্পের জন্য প্রণোদনা প্যাকেজ হতে বিসিকের জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির তদারকিতে এ পর্যন্ত ৭০২ জন শিল্পোদ্যোক্তার মধ্যে ১৩১ কোটি ১৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  বিসিকের ঋণ প্রশাসন বিভাগ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিসিকের ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন বিভিন্ন জেলায় এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটি এসব ঋণ বিতরণ কার্যক্রম তদারক করে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে শিল্প খাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনক্রমে গত পহেলা জুন শিল্প মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয়।