করোনা সংক্রমিত রোগী ৩ লাখ ছাড়াল

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:০২

দেশে গত ৩৯ দিনে আরো ১ লাখ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৫১৯ রোগী শনাক্ত এবং ৫৪ জনের মৃত্যুর তথ্য জানায়। নতুন আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। আর মৃতের সংখ্যা পৌঁছছে ৪ হাজার ৮২ জনে।

আইইডিসিআরের হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে           ভর্তি ও বাড়িতে থেকে চিকিত্সা নেওয়া রোগীদের মধ্যে আরো ৩ হাজার ৪২৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যার বিচারে বাংলাদেশ এখন বিশ্বে পঞ্চদশ অবস্থানে রয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছিল তিন মাস পর গত ১৮ জুন; তার ঠিক এক মাস পর ১৮ জুলাই ২ লাখ রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের ১ লাখ রোগী শনাক্তে নয় দিন বেশি লাগল। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭০টি। ছয় মাসে সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ১৫ জন।