বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে চলছে ফেরি। এদিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মানিকগঞ্জ, শিবালয় ও গোয়ালন্দ (রাজবাড়ী) :বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। প্রচণ্ড বাতাসের কারণে নদী উত্তাল হওয়ায় ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অপরদিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারের মাল্লা মো. তরুণ মোল্লা (৫৮), মো. সবজাল হোসেন (৩৬) ও ট্রলারের মাঝি মো. শরিফ উদ্দিনকে (৩০) উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ও শিবচর (মাদারীপুর) :বৈরী আবহাওয়ার কারণে গতকাল সকাল ১১টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে। হঠাত্ লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় ছিল ছয় শতাধিক যানবাহন।
