যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদ্যোপান্ত একজন সত্ মানুষ। তিনি দেশকে ভালোবাসেন। মেলানিয়া তার স্বামী ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ত্রাণকর্তা হিসেবেও উল্লেখ করেন। তিনি নারীদের প্রতি ট্রাম্পকে ভোট দেওয়ার আহ্বান জানান। রিপাবলিকান কনভেনশনের দ্বিতীয় দিনে মঙ্গলবার মেলানিয়া ভাষণ দেন। খবর ডেইলি মেইল ও ভয়েস অব আমেরিকার
মঙ্গলবার রাতে মেলানিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হাজার হাজার আমেরিকানের প্রতি তার সমবেদনা প্রকাশ করেন। হোয়াইট হাউজে নতুন করে সাজানো রোজ গার্ডেন থেকে রিপাবলিকান পার্টির সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ফার্স্ট লেডি বলেন, মার্চ মাস থেকে আমাদের জীবন সম্পূর্ণ পালটে গেছে। মেলানিয়া ট্রাম্প তার ভাষণে যুক্তরাষ্ট্রে বর্ণবাদজনিত অসন্তোষের কথাও উল্লেখ করেন। তিনি ২৬ মিনিটের বক্তব্যে বলেন, এটি একটি তিক্ত বাস্তবতা এবং আমরা আমাদের ইতিহাস নিয়ে গর্ব করতে পারি না। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে থাকা এবং আমেরিকার আদর্শ মেনে জীবন যাপন করার আহ্বান জানান। মেলানিয়া ট্রাম্প তার স্বামীকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, ট্রাম্প কেবল কথার কথা বলেন না, তিনি চান কাজ। মেলানিয়া ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা পছন্দ করেন বা না-ই করেন, ট্রাম্প একজন বিশ্বস্ত ব্যক্তি। দেশের প্রতি তার অনেক মমত্ববোধ আছে। তাই তিনি আরো চার বছর দেশের সেবা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
