মাদারগঞ্জে মা ও ছেলের লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:১৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর গ্রামে নিজ বাসা থেকে মুসলেমা আক্তার শিখা (৩৮) ও তার ছেলে তৌফিকুল তুহিনের (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তাদের বাড়ির বিছানা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ স্বামী হারুন অর রশিদ পলাশকে আটক করেছে। সকালে জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত জখম পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানিয়েছেন, পলাশ বেশকিছু দিন প্রবাসে ছিল। প্রবাস থেকে এসে উপজেলা সদরের ক্ষুদ্র জোনাইল এলাকায় করাতকল দিয়ে কাঠের ব্যবসা করত।