কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম কর্তৃক ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগে মা-মেয়েকে রশিতে বেঁধে মারধর ও প্রকাশ্যে এলাকায় ঘোরানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ৬৬টি নারী মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম সামাজিক প্রতিরোধ কমিটি। গতকাল বুধবার সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কমিটি ঘটনার শিকার মা-মেয়েকে বেআইনিভাবে বাড়ি থেকে ধরে রশিতে বেঁধে এলাকায় ঘুরিয়ে নানাভাবে হয়রানি, মারধর করা ও নারীর মর্যাদাহানি এবং মানবাধিকার লঙ্ঘন করার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করছে। এ ধরনের বেআইনি ঘটনায় জড়িত চেয়ারম্যানকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে তীক্ষ দৃষ্টি দেওয়ার দাবি জানাচ্ছে। কমিটি সব ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে সব সামাজিক শক্তিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে।
