রিজেন্টের সাহেদ আবার ছয় দিনের রিমান্ডে

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০০:০৫

প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগে পল্লবী থানায় দায়েরকৃত মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমের ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। উল্লেখ্য, রাজধানীর পল্লবী এলাকার ফিরোজ আলম চৌধুরী নামে এক ব্যক্তি গত ১৩ জুলাই সংশ্লিষ্ট থানায় সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আদালত সূত্র জানায়, গতকাল বুধবার সাহেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সাহেদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান প্রমুখ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৮ মে ফিরোজ আলমের একটি ভবনের কয়েকটি ফ্লোর রিজেন্ট হাসপাতাল লিমিটেডের নামে ২০ লাখ টাকা জামানত ও মাসিক আড়াই লাখ টাকা দেওয়ার শর্তে সাহেদ ভাড়া নেন। কিন্তু চুক্তি অনুযায়ী সাহেদ জামানতের টাকা ও মাসিক ভাড়া পরিশোধ করেননি।