জাতিসংঘে আবার ধাক্কা খেল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০০:১৪

জাতিসংঘে ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘের বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ করা হচ্ছে। কারণ অন্য দেশগুলো আমেরিকাকে সমর্থন করেনি। জাতিসংঘের এই প্রস্তাবে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। ২০১৫ সালের পরমাণু চুক্তি ইরান ভঙ্গ করেছে, এই অভিযোগে নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা চাপাতে চাইছিল যুক্তরাষ্ট্র। গত ২০ আগস্ট জাতিসংঘে এই প্রস্তাব দেয় ওয়াশিংটন। যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিল, তাকে কূটনৈতিক পরিভাষায় বলা হয় স্ন্যাপব্যাক। কিন্তু জাতিসংঘের অন্য দেশগুলো এর বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে রীতিমতো কোণঠাসা করা হয়েছিল ওয়াশিংটনকে। মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় জাতিসংঘ। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনও ওয়াশিংটনের প্রস্তাবের বিপক্ষে। এদিকে ইরান তার দু’টি পরমাণু কেন্দ্র পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে অনুমোদন দিয়েছে। -ডয়চেভেলে