মেজর সিনহা হত্যা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএন সদস্য আবদুল্লাহ

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০০:১৬

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সোমবার ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালসহ ৭ পুলিশের দ্বিতীয় দফায় আরো ৪ দিন রিমান্ড মঞ্জুর হওয়ার দুদিনের মাথায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন মামলায় পরে যুক্ত হওয়া আসামি কনস্টেবল আবদুল্লাহ। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং ঘটনার সময় চেকপোস্টে দায়িত্বরত ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে বিকেলে তাকে আদালতে নিয়ে আসেন র্যাব-১৫ এর সদস্যরা। মামলার তদন্ত সংশ্লিষ্টরা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে আসামিদের আরো জিজ্ঞাবাদ করা দরকার। মামলায় সন্দিগ্ন আসামি হিসেবে যোগ হওয়া সাতদিনের রিমান্ডে থাকা এপিবিএনের তিন সদস্যের মাঝে কনস্টেবল আবদুল্লাহ স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বুধবার। গত ১৮ আগস্ট কক্সবাজার র্যাব-১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাবাসাদের জন্য এনে তাদের সিনহা হত্যা মামলায় সন্দিগ্ন আসামি হিসেবে যুক্ত করে। তারা হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক শাহাজাহান, কনষ্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর তল্লাশি চৌকিতে দায়িত্বরত ছিলেন। ১৮ আগস্ট মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে ১০দিনের রিমান্ডের আবেদন করলে শুনানিশেষে তিনজনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক তামান্না ফারাহর আদালত। ২২ আগস্ট রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার তাদের রিমান্ড শেষ হওয়ার কথা।