বাঘায় সড়ক দুর্ঘটনা স্কুলছাত্রী নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:২০

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনা হাবিবা খাতুন (৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তেঁথুলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

হাবিবা খাতুন উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও নওদাপাড়া গ্রামের মুনসুর আলীর কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাবিবা খাতুন উপজেলার তেঁথুলিয়া বাজার থেকে চকলেট কিনে বাড়ি ফিরছিল। এ সময় সে বাজারের দক্ষিণ পাশে দুলালের হার্ডওয়ার দোকানের সামনে পৌছলে বাঘা উপজেলা সদর থেকে আড়ানী পৌর অভিমুখে আসা  চার চাকার একটি ভটভটি গাড়ির আঘাতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ চালক হাবিবকে আটক করে পুলিশে দেয়।  হাবিবের বাড়ি পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে কারও কোন অভিযোগ নেই। তবে পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম