সামনে এগোতে চান ধ্রুব

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:১১

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং মিলিয়ে দারুণ এক প্যাকেজ। অনেকেই তাকে দেশের ক্রিকেটের একজন ভবিষ্যত্ বলে মনে করেন। ধীরে ধীরে জাতীয় দলের হয়ে যাত্রা শুরুও করেছেন। টি-টোয়েন্টিতে শুরুটা খারাপও হয়নি। এই বছরটা হতে পারতো তার নিজেকে চেনানোর বছর। কিন্তু বাকি সবার মতো বড় একটা সময় বসেই কাটল আফিফ হোসেন ধ্রুবর।

অবশেষে এই করোনা ভাইরাসকে পাশ কাটিয়েই সতীর্থদের মতো একক অনুশীলন শুরু করেছেন। অনুশীলন শুরু করে ধ্রুব উপলব্ধি করছেন, খেলা শুরু হলে ভালো কিছু করাটাই তাদের কাজ।

লকডাউনের সময়টা নিয়ে কথা বলতে গিয়ে এই অলরাউন্ডার বলছিলেন, ‘লকডাউনের সময়টা অবশ্যই কঠিন গিয়েছে। আমাদের কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি তৈরি করে দিয়েছে তা বাসায় করার চেষ্টা করেছি। এ ছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে সেগুলো অনেক বুস্টআপ করেছে। আর এখন মিরপুর এসে অনুশীলন করতে পেরে ভালো লাগতেছে। নিজের যেসব সেশন দরকার তা করতে পারতেছি। তো আশা করি, এগুলো সামনে ভালো কাজে দিবে।’ সময়টা কঠিন কেটেছে। এখন সেই সময়কে পেছনে ফেলে সামনে তাকাতে চান তিনি, ‘সব খেলা বন্ধ ছিল, অবশ্যই এটা খেলোয়াড় হিসেবে টাফ। সামনে খেলা শুরু হচ্ছে এটা অবশ্যই ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি সে আশাই রাখি। আর আপাতত সে অনুযায়ী অনুশীলন করছি।’

ধ্রুব বলছিলেন, ম্যাকেঞ্জির পরামর্শ মতো কাজ করেছিলেন। সেটাই আপাতত করে যেতে চান, ‘লকডাউনের সময়টাতে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। তো আমাদের যে সাবেক ব্যাটিং কোচ ছিল নেইল ম্যাকেঞ্জি তার সঙ্গে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। আর ওগুলোই আপাতত করার চেষ্টা করছি। ওগুলোই ফিক্স করতে পারলে হয়তো আরো বেটার পারফর্ম করতে পারব।’