বেশ কয়েক দিন ধরেই অপেক্ষাটা চলছে। আগের ম্যাচেই ফুরাতে পারত অপেক্ষা। কিন্তু সেদিন ৪ ওভারে পাননি কোনো উইকেট। পরের ম্যাচে লাগল কেবল ৪ বল। প্রথম বোলার হিসেবে ডোয়াইন ব্রাভো পা রাখলেন ৫০০ টি-টোয়েন্টি উইকেটের চূড়ায়।
সিপিএলে বুধবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে অনন্য এই কীর্তি গড়েন ব্রাভো। ৪৯৯ উইকেট নিয়ে ত্রিনিদাদে ম্যাচটি খেলতে নেমেছিলেন ৩৬ বছর বয়সি এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ইনিংসের চতুর্থ আর নিজের প্রথম ওভারে রাকিম কর্নওয়ালকে ফিরিয়ে স্পর্শ করেন মাইলফলক। এই উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে সিপিএলেও ১০০ উইকেট পূর্ণ করেন তিনি।
বিশ্ব জুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে দাপট দেখানো ব্রাভোর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক ২০০৬ সালে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। সময়ের পরিক্রমায় নিজেকে তুলে নিয়েছেন অন্য উচ্চতায়। ঘরোয়া-আন্তর্জাতিক, স্বীকৃত সব টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি অনেক আগে থেকেই। ২০১৭ সালের ডিসেম্বরে বিগ ব্যাশে খেলার সময় প্রথম বোলার হিসেবে পৌঁছেছিলেন চার শর ঠিকানায়।
সবার আগে ৩০০ উইকেটের মাইলফলকেও পৌঁছান ব্রাভো। প্রথম বোলার হিসেবে ১০০ ও ২০০ উইকেটের মাইফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান পেসার ডার্ক ন্যানেস।
৫০০ উইকেট পেতে ব্রাভোর লাগল ৪৫৯ ম্যাচ। এখন পর্যন্ত আর কেউ চার শর সীমানাও ছুঁতে পারেননি। ২৯৫ ম্যাচে ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। সাড়ে তিন শর বেশি উইকেট আছে, আর কেবল সুনিল নারাইন (৩৮৩), ইমরান তাহির (৩৭৪), সোহেল তানভির (৩৫৬) ও সাকিব আল হাসানের (৩৫৪)।
