বার্তোমিউতে অনাস্থা

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:১৩

লিওনেল মেসির ক্লাব ছাড়ার ব্যুরোফ্যাক্স পাওয়ার পর থেকেই বার্সেলোনায় শুরু হওয়া ঝড়ের ঝাপটা আসছে সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর ওপরও। আসছে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জর্দি ফেরে ইতিমধ্যেই তার বিরুদ্ধে অনাস্থা ভোট দায়ের করেছেন। মেসির ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ পাওয়ার পর গত বুধবার রীতিমতো নিরাপত্তাকর্মীদের বাঁধা তোয়াক্কা না করেই স্টেডিয়ামের আঙিনায় ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। চাওয়া একটাই, বার্তোমিউর পতন। তাহলে যদি মেসি থেকে যান! ক্লাবে চলমান বিশৃঙ্খলা থেকেই জর্দি ফেরে গত বুধবার রাতে অনাস্থা ভোট দায়ের করেন ক্লাব সভাপতির বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছাটা সর্বশেষ ইঙ্গিত, যাতে বুঝা যায় ক্লাবটা বিশৃঙ্খল হয়ে আছে।’ এখন আগামী ১৪ কর্মদিবসের মধ্যে ক্লাবের ১৫% সদস্যদের ভোট প্রয়োজন ফেরের। এতে সফল হলে গণভোটে যাবে বার্সা। সেখানে দুই তৃতীয়াংশ ভোট বার্তোমিউর বিপক্ষে গেলেই পদ ছাড়তে হবে তাকে।