লিওনেল মেসি আর কোচ পেপ গার্দিওলার পুনর্মিলনীটা বার্সেলোনা ছাড়া অন্যত্র হওয়া কিছুদিন আগেও অসম্ভব ছিল। তবে গত মঙ্গলবার ব্যুরোফ্যাক্স মারফত মেসির ক্লাব ছাড়ার অভিপ্রায় তা দৃশ্যত বাস্তবে পরিণত হতে চলেছে। ইএসপিএন জানাচ্ছে, বার্সা তারকাকে পেতে পিএসজির আগ্রহ থাকলেও ম্যানচেস্টার সিটিই বিপুল ব্যবধানে এগিয়ে।
পিএসজি চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুব কাছে গিয়েও ফিরে এসেছে। সে আকাঙ্ক্ষা পূরণেই মেসিকে দলে চায় ফরাসি চ্যাম্পিয়নরা। মেসিকে পিএসজি যেতে নিয়ামক হিসেবে কাজ করতে পারে দুই বন্ধু নেইমার আর আনহেল ডি মারিয়ার উপস্থিতি।
লিওনেল মেসিকে দলে ভেড়ানোর রাস্তায় সবচেয়ে বড় বাঁধা বেতনে। ইতিমধ্যেই ক্লাবটিতে নেইমার (২৯ মিলিয়ন ইউরো) আর এমবাপের (২১ মিলিয়ন ইউরো) মতো দুই তারকা আছেন, এরপর মেসিও (৫২ মিলিয়ন ইউরো) যোগ দিলে বেতন কাঠামোটা আরো ভারীই হবে কেবল। তবুও ক্লাবের একাংশের বিশ্বাস, সেটা সামলানোর সক্ষমতা দলটির আছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তৈরি করেনি পিএসজি।
ম্যানচেস্টার সিটি এগিয়ে গেছে এখানেই। মেসির সঙ্গে সাবেক গুরু পেপ গার্দিওলার ফোনালাপ হয়েছে গত মঙ্গলবার রাতেই। ইএসপিএন জানাচ্ছে, আরো দূরের ভাবনাও ভেবে রেখেছে দলটি।
মেসিকে দলে টানতে যে কোনো পরিমাণ অর্থ খরচে রাজি সিটি, এটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এখন ক্লাবের নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, পরিমাণটা ১০০-১৫০ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনার প্রস্তাব তৈরি করছে সিটি। এ জন্যে তরুণ গ্যাব্রিয়েল জেসাস, এরিক গার্সিয়া, অ্যাঞ্জেলিনোদের ছাড়তেও রাজি সিটিজেনরা।
আর মেসির চাহিদা মেনে বার্সেলোনা শেষমেশ বিনামূল্যেই অধিনায়ককে ছেড়ে দিলে তো কোনো কথাই নেই! এ কারণেই আরো কিছুদিন অপেক্ষা করতে আগ্রহী সিটি।
এদিকে মেসিকে ক্যারিয়ারের শেষ দিকে যুক্তরাষ্ট্রের এমএলএসেও দেখতে চায় ইংলিশ ক্লাবটি। ক্যারিয়ার সায়াহ্নে সিটি ফ্র্যাঞ্চাইজিরই দল নিউইয়র্ক সিটিতে যাওয়ার প্রস্তাবও দেবে সিটিজেনরা। সঙ্গে থাকবে মেসিকে ফ্র্যাঞ্চাইজির শুভেচ্ছা দূত বানানোর প্রস্তাবও। সব মিলিয়ে মেসিকে দলে ভেড়ানোর ক্ষেত্রে ম্যানচেস্টার সিটিই আপাতত এগিয়ে আছে।
