সবকিছু ঠিকঠাক ছিল। এএফসি কাপ ফুটবলে মালদ্বীপে খেলতে যাবে প্রিমিয়ার লিগ বসুন্ধরা কিংস। সেপ্টেম্বরে প্রস্তুতি শুরু করার কথা। কিন্তু এমন সময় গুঞ্জন ছড়িয়েছে—এএফসি কাপ ফুটবলের খেলা আবারও স্থগিত হতে পারে। এমন আশঙ্কার কারণ হচ্ছে—গ্রুপ পর্বের পর নকাআউট পর্বের খেলাগুলোর জন্য ড্র হওয়ার কথা ছিল আগেভাগে। দিন-তারিখও নির্ধারণ করা ছিল। কিন্তু আচমকাই ড্র অনুষ্ঠান বাতিল করেছে এএফসি। এ কারণেই এএফসি কাপের খেলা নিয়ে বসুন্ধরা কিংসকে ভাবনায় ফেলেছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো খবর দেয়নি এএফসি, তবে একটা আশঙ্কা বাংলাদেশের ফুটবলেও দেখা যাচ্ছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘গ্রুপ পর্বের খেলার পরই নকআউট পর্বের খেলা। নকআউটের ড্র হওয়ার কথা ছিল বুধবার। সেটি হয়নি। তার মানে এএফসি কাপ মনে হয় হবে না। আনুষ্ঠানিকভাবে কিছুই পাইনি। আমরা অপেক্ষা করছি।’
নকআউট পর্বের ড্র না হওয়া মানে গ্রুপ পর্বের খেলা মাঠে গড়ানো নিয়ে ধোঁয়াশা আছে। বসুন্ধরা কিংসের সূত্র বলছে তারা এখনো কোনো কিছুই জানেন না। না জেনে কোনো মন্তব্য করতেও রাজি না দেশের শীর্ষস্থানীয় এই ফুটবল দল।
বাফুফে জানিয়েছে তারা আশঙ্কার মধ্যে রয়েছে—আদৌ এএফসির খেলা হবে কিনা। ২৩ অক্টোবর থেকে ২৩ নভেম্বর বসুন্ধরার গ্রুপের খেলা মালদ্বীপে হওয়ার ঘোষণা দেওয়া আছে। করোনার কারণে হোম অ্যান্ড অ্যাওয়ের পরিবর্তে মালদ্বীপের একটা স্টেডিয়ামে চার দল খেলবে। এই হিসাব হাতে নিয়ে বসুন্ধরা কিংস খেলোয়াড়দের অনুশীলনে ডাকছে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনও ঢাকায়। ব্রাজিলিয়ান ফুটবলার রোবিনহো এবং ফার্নান্দোজকে ঢাকায় আনার প্রস্তুতি নিয়েছে। ঢাকা থেকে মালদ্বীপে যাবে, কিন্তু বাফুফে এই মুহূর্তে বিমান টিকিট নিশ্চিত না করতে অনুরোধ জানিয়েছে বসুন্ধরাকে।
