দেশের বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বর্তমান সিইও এবং এমডি কেদার লেলেকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কামরান বকরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০১২ সালে দায়িত্ব গ্রহণ করে গত প্রায় আট বছর ধরে নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামরান বকর। নতুন চেয়ারম্যান নির্বাচনে গত মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কেদার লেলেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ‘চেয়ারম্যান’ নির্বাচিত করা হয়। কেদার লেলে ২০১৭ সালের ০১ জুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন। এর ছয় মাস পর ২০১৮ সালের ০১ জানুয়ারি তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়। তিনি এখন একই সঙ্গে কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন। এছাড়া মি. লেলে বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহসভাপতি। প্রায় ২০ বছরের পেশাগত জীবনে তিনি বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা এবং ভোগ্যপণ্য কোম্পানির বিক্রয় ও বিপণন শাখায় মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। কেদার লেলের নেতৃত্বে সম্প্রতি জিএসকে বাংলাদেশের ৮২ শতাংশ মালিকানা অধিগ্রহণ করেছে ইউনিলিভার। এরপর জিএসকে বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড’।— প্রেস বিজ্ঞপি
