পুঁজিবাজারে আসছে এনার্জিপ্যাক পাওয়ার

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:২২

বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ৭৩৪তম কমিশন সভায় কোম্পানিটিকে ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। উত্তোলিত টাকায় এলপিজি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার খরচ নির্বাহে ব্যয় করবে। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের সমন্বিত আর্থিক বিবরণী অনুসারে, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৪৫ টাকা ১৫ পয়সা আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া এনএভিপিএস ৩০ টাকা ২০ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।